তারাগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ৬দিন পর দিনাজপুরের ফুলবাড়ি থেকে উদ্ধার, গ্রেফতার-৩

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রী অপহরণের ৬ দিন পর দিনাজপুরের ফুলবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আসামী কৃষ্ণ চন্দ্রসহ তার দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। মেয়েকে অপহরণের ঘটনায় গত ৬ ডিসেম্বর ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন অপহৃত ছাত্রীর বাবা লাল বাবু।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের সেরমস্ত খিয়ারপাড়া গ্রামের লালবাবু রায়ের মেয়ে এবং তারাগঞ্জ ও/এ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী লাবণী রানী রায় (১৩) বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৩)। এরই প্রেক্ষিতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬ ডিসেম্বর লাবনী রানী সকালে বাড়ি থেকে তারাগঞ্জ ও/এ মডেল স্কুলে আসেন পরীক্ষার এসাইন্টমেন্ট জমা দেওয়ার জন্য। স্কুলের যাবতীয় কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় বিদ্যালয়ের সামনে থেকে কৃষ্ণ চন্দ্রসহ তার সহযোগীরা ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। পরে ওই দিন মেয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আশপাশের এলাকাসহ স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন।
গত শুক্রবার সকালে সহযোগী মিন্টু কুমার (৩০) ও কাঞ্চন রায় (২৭) কে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় কৃষ্ণ চন্দ্র লাবনীকে অপহরণ করে দিনাজপুরের ফুলবাড়িতে তার বোনের রেখেছেন। এমন সংবাদ পেয়ে ওইদিন বিকেলে তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান পুলিশ ফোর্স নিয়ে সেখান থেকে লাবনী রানীকে উদ্ধার করেন। এসময় কৃষ্ণ চন্দ্রকে ওই বাড়ি থেকে আটক করা হয়।
তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমানের সাথে শনিবার দুপুরে কথা হলে তিনি বলেন, উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।##




