তারাগঞ্জে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এনজিও জাগরণী চক্র ফাউণ্ডেশন আয়োজিত ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম লাভলী, জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আলমগীর কবীর, সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, কাব্যশ্রী পাল, জাগরণী চক্র ফাউণ্ডেশনের ফাইন্যান্স এণ্ড এ্যাডমিন আবুল কালাম আজাদ, উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলার মনজুরুল ইসলাম, প্রকল্পের সুপারভাইজার মিঠু মিয়া, আজিজুল ইসলাম। এতে অংশ নেন উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা। অবহিতকরণ সভায় উপজেলার ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ৫ বছর বয়সী ৬৬৫ জন শিক্ষার্থীকে আনন্দঘন পরিবশে ও বিভিন্ন আর্কষণীয় শিক্ষা উপকরণের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং ৬-১০ বছরের শিশুদের ভর্তির হার বৃদ্ধি, কমিউনিটির সম্পৃক্ততা এবং এসএমসিকে সক্রিয় করণের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কাজ করবে বলে জাগরণী চক্র ফাউণ্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।




