তারাগঞ্জে এক ছাত্রীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক জেলহাজতে

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে এক স্কুল ছাত্রীর ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দেয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ এলাকার তারাপুর গ্রামের মাহাবুব রহমান (২৯) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। সে ওই এলাকার তারাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়। রোববার তাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের এক স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে ফেসবুকে পরিচয় হয় মাহাবুব রহমানের। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে ছবি আদান প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর মাহাবুব ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। একারণে ওই ছাত্রী তার সাথে কথা বলতে মাহাবুবকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাহাবুব ছাত্রীর ছবি দিয়ে একটি ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দিতে থাকে। পরে ওই ছাত্রী কৌশলে মাহাবুককে তারাগঞ্জে আসতে বললে শনিবার সে তারাগঞ্জে আসে। পরে এলাকার লোকজন তারাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা তারাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে মাহাবুবকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন।##




