
পতাকা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের উপর ছাত্রদলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
আজ বৃহস্পতিবার রাতে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, মুক্তচিন্তা, সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের উপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির চর্চার জায়গা। সেখানে সাংবাদিকদের উপর হামলা প্রমাণ করে, একটি স্বার্থান্বেষী মহল ভয় ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
নেতৃদ্বয় অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে, সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে কোনোভাবেই সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও মতপ্রকাশের স্বাধীনতার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে সকল সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।



