
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ।
তিনি বলেন, আমরা একজন ধর্ষকের বিচার দাবিতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা ধর্ষকের বিচার চাই। সরকার ধর্ষকের বিচার করবে বলে আমরা আশাবাদী।
গত রবিবারের ওই ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মধ্যরাতেই বিক্ষোভ মিছিল করে ঢাবি শিক্ষার্থীরা।
সোমবার সারা দিন উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় এলাকা। সহপাঠীর ওপর বর্বরতার বিচার দাবিতে সোচ্চার হন হাজারো শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে পৃথক পৃথক কর্মসূচি, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে ডাকসু, ছাত্রলীগ, ছাত্রদল, সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য, প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।



