মহানগরশিরোনাম

ঢাকা-৫: ভোটারের অপেক্ষায় অলস সময় পার

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টায় এই ভোট শুরু হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
কিছু কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। নির্বাচনী দায়িত্ব পালনকারীদের অলস সময় পার করতে দেখা গেছে এসব কেন্দ্রে।
শনিবার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে কেন্দ্র ভোটারের উপস্থিতি একেবারেই কম। তবে কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট শুরুর পর দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ২৫ জন। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৩৭ জন।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে আসার পর এক ভোটার বলেন, ভেবেছিলাম ভোটার উপস্থিতি হবে। কিন্তু চিত্র উল্টো কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জসিমউদ্দিন বলেন, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৪০০। এর মধ্যে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৫টি।
এদিকে ভোটের শুরুতেই ৯৫ ভাগ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও কেন্দ্র দখলের অভিযোগ করেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়।
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তাঁরা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button