জাতীয়শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার বিকেল থেকে এ সড়কে যানজট শুরু হয় বলে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে। বুধবারও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট রয়েছে।
যাত্রী ও পুলিশ সূত্র জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার দীর্ঘ ১০দিনের সাধারণ ছুটি ঘোষণা করায় হাজার হাজার যাত্রী বাড়ি ফিরছেন। এ জন্য মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুণ বেড়ে গেছে। কালিয়াকৈর এলাকার চন্দ্রা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়েছে। আস্তে আস্তে এ যানজট নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ হচ্ছে বলে হানা গেছে।
যানজটে ভুক্তভোগী কয়েকজন জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য বিপণিবিতান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই সুযোগে মানুষ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে মানুষ বাড়ি ফিরতে বিভিন্ন বাসস্ট্যান্ডে ভিড় করেন। তবে বাস না পেয়ে মানুষ ট্রাক, পিকআপ ট্রাকসহ অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন।
টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মো: সায়েদুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার ছুটি ঘোষণা করা রাস্তায় চাপ বেড়েছে। এক দিকে রাস্তা ভাঙ্গাচোরা, অপর দিকে মহাসড়কের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই-হাটুভাঙ্গা আন্ডারপাস এলাকায় ৫০০শ মিটার রাস্তার বেহাল দশা ও আন্ডারপাসের কাজ বন্ধ থাকায় দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button