ট্রাম্পের সমর্থকদের মিছিলে সংঘর্ষ, একজন ছুরিকাহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিরোধীপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
আলজাজিরা জানায়, দুইপক্ষের মধ্যে সংঘর্ষে একজন ছুরিকাহত হন। এ ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।
শহরের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের এক মুখপাত্র জানান, এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। তাকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে রাজধানীসহ একাধিক শহরে জমায়েত হতে থাকে ট্রাম্প সমর্থকেরা। বিকেলে বিশাল মিছিল নিয়ে তারা সুপ্রিম কোর্ট অভিমুখে যাত্রা করেন।
‘স্টপ দ্য স্টিল’, ‘উই আর চ্যাম্পিয়ন’, ‘ফোর মোর ইয়ারস’, ‘বেস্ট প্রেসিডেন্ট এভার’ প্রভৃতি স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে ছিল তাদের।
অন্যদিকে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে ট্রাম্প বিরোধী পক্ষ। ফলে রাত শেষে শান্তিপূর্ণ এ সমাবেশ সহিংস রূপ ধারণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুইপক্ষ হাতাহাতি ও ইট পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুইজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহন করার মামলা করেছে পুলিশ।
প্রসঙ্গত, ভোট গণনার পর এখনো পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ও তার সমর্থকেরা এখনো মনে করছেন, ভোট কারচুপি হয়েছে। অসংখ্য মামলা করলেও এখন পর্যন্ত ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো মামলা ট্রাম্প শিবির থেকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি।
ট্রাম্প প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আলজাজিরা।




