টিফিনের টাকায় ত্রাণ দিল শিক্ষার্থীরা
বগুড়ার সারিয়াকান্দিতে টিফিনের টাকা বাঁচিয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দিয়েছে বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকালে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চারশ’ বন্যাদুর্গত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক লিটার রূপচাঁদা সয়াবিন তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ এবং ৫০০ গ্রাম মুড়ি।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের কাছে টিফিনের টাকা বাঁচিয়ে বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান জানানো হয়। এতে প্রায় আড়াই লাখ টাকা আদায় হয়। এর সঙ্গে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও আর্থিক সাহায্য দেন। এতে করে প্রায় তিন লক্ষাধিক টাকা আদায় হয়। সেই টাকা দিয়েই বুধবার ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক তাহমিদুল ইসলাম, সারিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, স্কুল শাখার উপাধ্যক্ষ শফিকা আকতার, কলেজ শাখার উপাধ্যক্ষ দুলাল হোসেন, শিক্ষক শফিউল আলম, আসাদ আলী, শিক্ষার্থী পলাশ, বাপ্পী, আরিফ প্রমুখ।




