টাঙ্গাইলে হারপিক খেয়ে সাংবাদিকের স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী রুবী সুলতানা (৪০) হারপিক খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি নিজেও এই পত্রিকার উপ-সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মো. শফিকুল ইসলাম সজীব নয়া দিগন্তকে বলেন, মঙ্গলবার বিকেলে হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুবি সুলতানা। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রুবি সুলতানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে। তার দুটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।




