টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ

শুরু হলো টাইগারদের পাকিস্তান মিশন। প্রথম দফায় তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে এরিমধ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস, জিও স্পোর্টস ও পিটিভি স্পোর্টস।
তিন ফরম্যাট মিলিয়ে এবারের আগে সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সে বার হাসিমুখে দেশে ফেরা হয়নি তাদের। তারপর দীর্ঘ এক যুগ পর আবারও পাকিস্তান গেল টিম টাইগার্স। এবার অতীতকে বদলে দেওয়া স্বপ্নই দেখছেন তামিম-মাহমুদউল্লাহরা।
নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। পারিবারিক কারণে পাকিস্তান যাননি মুশফিকুর রহিম। দলের বড় দুই তারকা ছাড়া স্বাগতিকদের হারানো মোটেও সহজ হবে না। তবু রঙিন আশা রিয়াদের। তরুণদের কাঁধে চড়ে পার হতে চাইছেন তিনি। মাঠে নামার আগে যেমনটা বললেন টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ, ‘বিপিএল যদি দেখেন, সেখানে পারফর্ম করা এক-ঝাঁক তরুণ আছে আমাদের দলে। ওই তরুণদের ওপর আমরা নির্ভর করব।’
এ দিকে তরুণ আর অভিজ্ঞতার মিশেলে দল গড়া পাকিস্তান চাইছে জয় দিয়েই শুরু করতে। টি২০’র অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের কাঁধে তাদের নেতৃত্বভার। তিনিও আশা করছেন সিরিজটা দারুণভাবে শেষ করতে। তাছাড়া টি২০ ক্রিকেটে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে কিছুতেই হোঁচট খাওয়া যাবে না। সেজন্যই সিরিজটা তাদের জন্য বাঁচা-মরারও। বাবর আজমের ভাষ্য, ‘এক নম্বর স্থান ধরে রাখতে সিরিজটি আমাদের জন্য বাঁচা মরার। একটা ম্যাচও হারা চলবে না। সবাইকে বলে দেওয়া হয়েছে, শীর্ষস্থানে টিকে থাকতে যেন ১১০ শতাংশ প্রচেষ্টা দিয়ে খেলে।’




