
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ডাঃ জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “ঝালকাঠি জেলাকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঝালকাঠিবাসীকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিতে চাই। স্বাধীন ও সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য জনগন বিএনপিকে ভোট দিয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। দেশের সকল নাগরিক যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে।”
১ মে (শুক্রবার) রাতে ঝালকাঠি শহরের কুমার পট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দারের নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে প্রথম ঝালকাঠিতে আসেন ডাঃ জিয়াউদ্দিন হায়দার। এ উপলক্ষে তার নিজ বাসভবনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব ঝালকাঠি জেলা পরিষদ-এর প্রশাসক এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার,জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সাথে সাক্ষাৎ করার জন্য শত শত দলীয় নেতাকর্মীরা তার বাসভবনে ভীড় করেন।




