
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামীলীগের ঝটিকা মিছিলের ছবি নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ফেসবুকে পোষ্ট করার পর বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ধানকোড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলাল উদ্দিন আলাল (৬২) ও ওয়ার্ড শ্রমিক লীগ সহ সাধারণ সম্পাদক ঝন্টু চন্দ্র সরকার (৪৫) কে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
রবিবার (১৫ মে) সকালে ধানকোড়া রাইজিং এলাকায় ঝটিকা মিছিলের একটি ছবি প্রকাশ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুলের ফেসবুক পেজে। তারপর থেকে রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে আলাল ও ঝন্টু কে গ্রেফতার করা হয়েছে। আলাল উদ্দিন ধানকোড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের পুত্র। ঝন্টু চন্দ্র সরকার ০৩ ওয়ার্ডে শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক খল্লী ধানকোড়া গ্রামের মৃত নিমাই চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ জানান, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি’র নেতা মো:শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন।
সাটুরিয়া থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।




