জোয়ারে ভেসে এলো মৃত ডলফিন

প্রচণ্ড জোয়ারের তোড়ে ছোট ফেনী নদী সংলগ্ন চরের ধারে ভেসে এসেছে একটি মৃত ডলফিনের বাচ্চা। নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার মুছাপুর ইউনিয়নের আদর্শ গ্রামের নতুন চরে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধার দিকে এ বাচ্চা ডলফিনটি দেখতে পায় গ্রামবাসী। এটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা মাসুম খান মাখন জানান, বুধবার সন্ধ্যার দিকে মৃত ডলফিনের এ বাচ্চাটি মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের নতুন জেগে উঠা চরে পড়ে থাকতে দেখা যায়।
তিনি ধারণা করছেন, গত কয়েকদিন ছোট ফেনী নদীতে প্রচণ্ড জোয়ার ছিল। সে জোয়ারের স্রোতেই হয়তো ডলফিনের বাচ্চাটি ভেসে এসে আটকা পড়ে এবং পরে মৃত অবস্থায় সেটি ভেসে উঠে।
ডলফিনের বাচ্চাটির শরীরে ক্ষতচিহ্ন থাকায় গুরুতর কোন আঘাতে এটি মারা যায় বলে এলাকাবাসীর ধারণা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে মৃত ডলফিনের বাচ্চা পড়ে আছে বলে খবর পেয়েছি। তবে এলাকাবাসী কেউ বলছে, ডলফিনের বাচ্চা, কেউ বলছে তিমির বাচ্চা।’




