জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দাউদকান্দির মতিন সৈকত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক-২০২১ এর জন্য দুজন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এম এ মতিন (মতিন সৈকত) এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঢাকা জেলার ইনাম আল হক। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনে সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় পরিবেশ পদক- ২০২১ প্রদান’ সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মনিরুজ্জামান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো.আবদুল হামিদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরিবেশ মন্ত্রণালয় জানায়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজশাহী সিটি করপোরেশন এবং বেসরকারি পরিবেশ, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক)’ মনোনীত হয়েছে।প্রসঙ্গত, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের ক্রেস্ট, ৫০ হাজার টাকার চেক, ও সনদপত্র দেওয়া হবে। এ পদক সাধারণত জুন মাসে অনুষ্ঠেয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন।




