জাকা-শাকিরির গোল উদযাপন নিয়ে বিতর্কের ঝড়

গ্রান্ট জাকা ও জারদান শাকিরির গোলে শুক্রবার সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এই দুই সুইস তারকাই আলবেনিয়ান বংশোদ্ভূত। সে কারণেই গোল করার পরে দু’জনেই জন্মভূমির জাতীয় পতাকায় থাকা ঈগলের আদলে দুই হাত দিয়ে প্রতিকীভাবে গোল উদযাপন করেছেন, যা নিয়ে এখন বিতর্কের ঝড় উঠেছে। এর জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার জরিমানার মুখেও পড়তে পারেন তারা।
গতকাল এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে মাঠ ছাড়ায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড এখন শেষ ১৬’র স্বপ্নে বিভোর। প্রথম ম্যাচে তারা ফেবারিট ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছিল।
ম্যাচের দুই তারকা জাকা ও শাকিরির জন্মই আলবেনিয়ান ঐতিহ্যে হলেও তারা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। আলবেনিয়ার জাতীয় পতাকায় থাকা ঈগলের আদলে দু’জনেই গোল করার পরে দুই হাত দিয়ে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন জন্মভূমিকে এখনো তারা মনে রেখেছেন।
সার্বিয়ার সাবেক প্রদেশ কসভোতে জন্ম নিয়েছেন শাকিরি। ২০০৮ সালে সার্বিয়ার থেকে বের হয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কসভো। যদিও কসভোর এই স্বাধীনতার অনুমোদন দেয়নি সার্বিয়া। যে কারনে দুই দেশের মধ্যে অস্থিরতা বিরাজমান রয়েছে। অন্যদিকের ঝাকার বাবা-মা কসভোর স্থানীয় হলেও তার মূলত আলবেনিয়ান বংশোদ্ভূত।
গোল উদযাপনের সময় তারা এমন করেছিলেন কেন এই প্রশ্নের উত্তরে শাকিরি ম্যাচ শেষে বলেছেন, এটা শুধুমাত্র আমাদের আবেগ থেকে হয়েছে। তিনি বলেন, ‘ফুটবলে সবসময়ই আবেগটা একটু বেশি কাজ করে। সবাই দেখেছে আমরা গোল করার পরে কি করেছি। এটা আবেগ থেকেই হয়েছে, এখানে অন্য কিছু কাজ করেনি।’
এ বক্তব্যের পরও হয়ত ছাড় পাবেন না শাকিরি। তাকে ফিফার জরিমানার কবলে পড়তে হবে। তবে তার এই উদযাপন সমর্থন করেছেন সতীর্থ লিচস্টাইনার। বলেছেন, ‘গোল করার পর তা উদযাপন করার অধিকার তাদের আছে, সেটা যেভাবেই হোক।’
উদযাপন ছাড়াও আরো একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর হলো, ম্যাচে শাকিরি যে বুট পড়েছিলেন তার একটিতে সুইস ও অন্যটিতে কসভোর পতাকা ছিল। যা নজর এড়াইয়নি অনেকের। নয়া দিগন্ত G




