জাতীয়শিরোনাম

ছোটখাটো ত্রুটিতে মনোনয়নপত্র বাতিল নয়: ইসি

ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হলেই তার প্রার্থীতা বাতিল হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ নভেম্বর) এক পরিপত্রে এ নির্দেশনা দিয়েছে ইসি।
পরিপত্রে বলা হয়েছে, যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি বিচ্যুতি নজরে আসে যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব, তা হলে মনোনয়নপত্র দাখিলকারীকে দিয়ে তা সংশোধন করিয়ে নিতে হবে।
কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ওই প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধুমাত্র একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থী পদ অটুট থাকবে।
এছাড়া যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করেন তবে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্যগুলো বাছাইয়েরও প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে।
আদেশের ১৪ অনুচ্ছেদের দফা (৩) এ বলা হয়েছে, শর্ত অনুসারে ভোটার তালিকার কোনো অন্তর্ভুক্তির শুদ্ধতা বা বৈধতার প্রশ্নে কোনো অনুসন্ধান চালানো যাবে না। একই সঙ্গে হলফনামায় উল্লেখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফিসিল ঘোষণা করেন সিইসি কেএম নূরুল হুদা।
তফসিল অনুসারে, ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ নভেম্বর।
২৩ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button