শিক্ষাশিরোনাম

‘ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার ছাত্রলীগের নেই’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রাবি’ মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভ কারীরা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিনিয়তই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে চলাফেরা করতে পারে না। হলের সিট বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার অন্যায়ের সাথে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ছাত্রলীগের মত সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালানোয় কখনোই তারা শিক্ষাথী বান্ধব সংগঠন হতে পারে না। তাই ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই।
এ সময় তারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- আবরার হত্যার সুষ্ঠু বিচার করা, রাবি ভিসি ও প্রোভির অপসারণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সেই সাথে আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য দেন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রঞ্জু হাসান। এ সময় বিক্ষোভ মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button