পাগলে কিনা বলে, ছাগলে কী না খায়, প্রবাদটা সবার জানা। প্রবাদের এক অংশ প্রমাণ করে দেখালো ভারতের এক ছাগল। টাকার বাণ্ডেল খেয়ে ফেললো। বিশ্বাস হচ্ছে না? ঘটনাটি সত্যি সত্যি ঘটেছে ভারতে। উত্তরপ্রদেশের সর্বেশকুমার পালের পোষা ছাগল।
সর্বেশের সাধের পোষা ছাগলে খেয়ে ফেলল তার ৬৬ হাজার রুপির নোট! গত সোমবারের ঘটনা। কনৌজ জেলার সিলুয়াপুর গ্রামে চাষবাস করে দিন কাটে। বাড়ি সারানোর জন্য ইট কিনতে হবে বলে ৬৬ হাজার রুপি ঘরে এনে রেখেছিলেন।
প্যান্টের পকেটে রেখে নিশ্চিন্তে গোসলে গেছিলেন তিনি। গোসল সেরে ফিরে এসে যা দেখলেন তাতে তার হাত পা ছড়িয়ে কান্না করার মতো অবস্থা। পোষা ছাগলে মনের সুখে ওই নোটের বান্ডিল খেয়ে চলেছে চিবিয়ে চিবিয়ে। ছুটে গিয়ে ছাগলের মুখ থেকে ওই নোট টেনে বের করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে প্রায় সব নোট ছাগুলে দাঁতে কুটিকুটি হয়ে চলে গেছে পেটে।
টানাটানিতে দু’টো দু’হাজার টাকার নোট বাচাতে পেরেছেন তিনি। তবে সেগুলোর অবস্থাও শোচনীয়। টাকার শোকে ক্রুদ্ধ হয়ে ‘অপরাধী’ ছাগলকে কী শাস্তি দিলেন সর্বেশ?
একেবারেই ওসব কিছু নয়। মাফ করে দিয়েছেন প্রিয় ছাগলকে। মজা করেই বললেন, সব ধরনের কাগজ খাওয়ায় সুনাম আছে ওর। সুযোগ পেয়েই তাই নিজের প্রিয় খাবার চিবাতে গেছিলো। কী আর করা যাবে, ছাগলটা তো আমার সন্তানেরই মতো! টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।




