
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ৪০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় দন্ডিত আসামী জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ.বা.মো. নাহিদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বাদী হাম্মাদ আলীর দায়ের করা মামলায় গত ২১ অক্টোবর জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামকে ১ বছরের কারাদণ্ড এবং চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন। তবে মামলাটি হয়রানিমূলক এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছিলেন।
আসামি পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, গত ২১ অক্টোবর আদালতের দেওয়া রায়ের আলোকে আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব আদালতে উপস্থিত হয়ে ২০ লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে তাকে জামিন প্রদান করেন আদালত।
জামিনের পর মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোসর বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সঙ্গে জমিজমা কেনাবেচা নিয়ে বায়না স্বরূপ ৪টি চেক দেওয়া হয়। পরে তাকে সমুদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন টালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে হয়রানিমূলক মামলা করেন। তিনি আরও বলেন, চেকগুলো ফেরতের জন্য ইতিপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামলায় তিনি গ্রেফতারও হন।




