চীনে আটক ১০ লাখ ‘উইঘুর মুসলিম’ : জাতিসংঘ

চীন সরকার দেশটির ১০ লাখ উইঘুর মুসলিমকে ‘উগ্রবাদ-বিরোধী শিবিরে’ আটকে রেখেছে। শুক্রবার জেনেভায় বিশ্ব সংস্থার চীন বিষয়ক এক বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্য গে ম্যাকডোগাল এ দাবি করেছেন।
পার্স টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, চীন সরকার উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলকে ‘একটি বিশাল বন্দিশিবিরে’ পরিণত করেছে বলে ম্যাকডোগাল জানান। তবে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও বেইজিং অবশ্য অতীতে এ ধরনের বন্দিশিবিরের অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, বন্দিদের কোনো অভিযোগ গঠন ছাড়াই আটকে রাখা হচ্ছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে।
উল্লেখ্য, চীনে দুই কোটি ৩০ লাখেরও বেশি মুসলিম বাস করে। সেখানে বসবাসরত মুসলমানরা দুই ধরনের। ‘হুই’ মুসলমান ও ‘উইঘুর’ মুসলমান। উইঘুর মুসলমানদের বেশিরভাগ সেদেশের শিনজিয়াং প্রদেশে বসবাস করেন। প্রদেশের শতকরা প্রায় ৪৫ ভাগ জনগোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের। গত কয়েক মাস ধরে এ খবর ছড়িয়ে পড়েছিল যে, শিনজিয়াংয়ের মুসলিম সংখ্যালঘুদের ব্যাপক হারে আটক করা হচ্ছে।




