চিরিরবন্দরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

চিরিরবন্দর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এ জেড স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় বাবু। পথে হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটক করে এবং ট্রাকটিতে ভাংচুর চালায়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।




