চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি, টেক্সাসে নিহত ৫
চলন্ত গাড়ি থেকে এক দুর্বৃত্তের ছোড়া এলোপাতাড়ি গুলিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরের দিকে অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর ওডেসা এবং মিডল্যান্ড শহরে এ ঘটনা ঘটে।
পুলিশের একজন মুখপাত্র ওই হামলায় পাঁচজন নিহত এবং ২১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী শ্বেতাঙ্গ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, অপর এক হামলাকারী পালিয়ে গেছে। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বেলা ৩টার কিছুক্ষণ পর মিডল্যান্ড হাইওয়েতে একটি গাড়িকে থামায় টেক্সাস পুলিশের দুজন কর্মকর্তা। ওই গাড়ির চালক তখন পুলিশ অফিসারদের ওপর গুলি ছোড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে আরো কয়েক জায়গায় গুলি চালায় ওই ব্যক্তি।
হামলাকারী পরে নিজের গাড়ি ফেলে রেখে মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চুরি করে। ওই গাড়ি নিয়ে হামলাকারী ওডেসা শহরের একটি সিনেমা হলে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। পরে পুলিশের গুলিতে সিনেমা হলের বাইরে নিহত হয় ওই সন্দেহভাজন ব্যক্তি।
ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতাল জানিয়েছে, আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া অন্য সাতজন রোগির অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে তারা।
মাত্র এক মাসেরও কম সময় আগে এক বন্দুকধারীর গুলিতে টেক্সাসের এল পাসো শহরে ২২ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছিলো।




