ঘিওরে রাত আটটার পর দোকান খোলা, দিতে হলো জরিমানা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উপজেলার ঘিওর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে। অভিযানে ৬ দোকানিকে ১ হাজার ২শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন ঘিওর থানা পুলিশের এসআই আল মামুন সহ সঙ্গীয় ফোর্স ও আনসার দলের সদস্যরা।
ইউএনও মোঃ হামিদুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ দোকানিকে ২শত টাকা করে মোট ১ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।




