ঘিওরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ঋণের বোঝায় জর্জরিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মৎস্য ব্যবসায়ী। বাড়ির পাশে আম গাছ থেকে হারান হালদার (৬৫) নামের ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জনতার মোড়ে হালদাড় পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারান হালদার ঘিওর সদরের পরিচিত মৎস্য ব্যবসায়ী ছিলেন। ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। ঋণের টাকার জন্য চাপাচাপির কারণে হতাশাগ্রস্থ হয়ে পড়েন হারান। এ কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন।
ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে ঘিওর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



