ঘিওরে বজ্রপাতে দুই গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গি মোড়াবাড়ি ও তারাইল এলাকায় পৃথক বজ্রপাতে দুই গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে সাংসারিক কাজ করা সময় এই বজ্রপাতের কবলে পড়েন তারা।
নিহতরা হলেন- বানিয়াজুরী ইউনিয়নের মোড়াবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী চায়না আক্তার (২৫) ও তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বিলকিস বেগম স্বপ্না (৩৫)।
স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চতু সাংবাদিকদের জানান, স্বজনদের সঙ্গে চায়না বাড়ির পাশে ধান মাড়াই শেষে বাতাসে খড় পরিস্কার করছিলেন। আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। চায়না দুই ছেলে সন্তানের জননী।
এদিকে একই সময়ে বৃষ্টির মধ্যে স্বপ্না নিজ বাড়ির উঠানে টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় টিউবওয়েলের পাশে নারিকেল গাছসহ তার ওপর বজ্রপাত হয়। এতে তিনিও ঘটনাস্থলে নিহত হন। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী।
এছাড়াও দৌলতপুরে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত তিনজনকে মানিকগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহরা হলেন, ওই উপজেলার মোন্নাফ হোসেনের ছেলে আলম মিয়া (৪০), দুলাল মিয়ার ছেলে মনির হোসেন (১৮) ও আজাহার মিয়ার ছেলে রুবেল মিয়া (১৬)।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



