sliderস্থানিয়

ঘিওরে জমি-সংক্রান্ত বিরোধে শিক্ষক ও সাংবাদিকের ওপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষক ও এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাহাদুরপুর গ্রামের পরিতোষ কুমার পালের ছেলে পংকজ পাল ও পিযুষ পাল। পংকজ পাল স্থানীয় তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পিযুষ পাল জাতীয় দৈনিক ‘ঢাকা ডাক’-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

অভিযুক্ত চঞ্চল কুমার পাল একই গ্রামের মৃত শ্যামল কুমার পালের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসা ও নারী লাঞ্ছনার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পিযুষ পাল নিজ বাড়িতে কাজ করার সময় চঞ্চল কুমার পাল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় পিযুষের মাথা, ঘাড় ও দুই হাতে আঘাত করা হয়। ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে বড় ভাই পংকজ পালের বুকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত চঞ্চল কুমার পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গ্রামবাসীরা জানান, বাহাদুরপুর মৌজার একটি জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি আদালতে গড়ালে সম্প্রতি পরিতোষ পালের পক্ষে রায় হয়। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছিলেন। স্থানীয়দের ধারণা, আদালতের ওই রায়ের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘিওর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button