ঘরবন্দি তারকাদের ঝলমলে ঈদ

ঈদ মানেই রঙিন উৎসব। তারকাদের ঈদ যেন আরও ঝলমলে। প্রতি বছর ঈদ এলেই তারকাদের কত কত পরিকল্পনা! টিভি শো, ঘুরতে যাওয়া, বিনোদনের নানা উপাদান নিয়ে হাজির হওয়া সেই মানুষগুলো এবার নিজেরাই থাকবেন ঘরবন্দি হয়ে। করোনা দুর্যোগে এছাড়া উপায়ই বা কী। তারকাদের সঙ্গে কথা বলে জানা গেল কেমন কাটবে তাদের ঈদ।ঘরে বসেই ঈদ কাটাবেন মোশারফ করিম ও জুঁই দম্পতি। দেশ রূপান্তরকে মোশাররফ করিম বলেন, ‘এবারের ঈদ ঘরে কাটাব কথাটা ঠিক নয়, আসলে কেটে যাবে। প্রতি বছর ঈদের সময়টাতে প্রচুর ক্লান্ত থাকি। কারণ ঈদে প্রচুর কাজের চাপ থাকে। চাপের পর ঘুমাতেই ভালো লাগে। কিন্তু এবার একটু ব্যতিক্রম হবে, এবার লকডাউনের শুরু থেকেই অবসর সময় যাচ্ছে। এবারই প্রথম দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকছি। অন্য সময় তো এত দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা হয় না। আগে প্রতিদিন সকালে বের হয়ে রাতে ফিরতাম। এখন তো অনেক দিন ধরেই ঘরের মধ্যেই আছি। পরিবারকে সময় দেওয়ার বিষয়টা এনজয় করছি। আর অন্যভাবে মানে বর্ণিলভাবে ঈদ কাটল না সেজন্য আফসোস নেই। তবে সবাই যদি এভাবেই ঘরে বসে ঈদ কাটায় তাহলে ভালো হতো। আর কোনো ঈদ আয়োজনেও অংশ নিচ্ছি না। টিভিতে ঠিক কতগুলো নাটক প্রচারিত হবে সে তথ্য আমি নিজেও জানি না। তবে নাটকের প্রমোশনের জন্য কিছু লাইভে অংশ নিয়েছি।’
রোবেনা রেজা জুঁই বলেন, ‘এবারের ঈদ বাসাতেই কাটাব আর অন্য কোথাও তো ঈদ কাটানোর উপায় নেই। ঈদের কেনাকাটা বলতে খাবারদাবারের জন্য যা প্রয়োজন তা বাজার থেকে নিয়ে এসেছি। ঘরে তো বাচ্চারা আছে। লোকজন আছে। ফলে নিজেদের খাবারদাবার করার জন্য যতটুকু দরকার সেটুকুই কিনেছি। ঈদের কোনো প্রোগ্রামে আমি অংশ নিচ্ছি না। তবে নাটকের জন্য দুয়েকটা লাইভে অংশ নিয়েছি। ঘরে বসে যতটুকু দর্শকদের সঙ্গে কানেক্টেড থাকা যায় ততটাই থাকছি।’
এবারের ঈদ ঘরে বসেই কাটাবেন অনন্ত জলিল ও বর্ষা। অনন্ত জলিল বলেন, ‘এবারই প্রথম ঈদ যখন সবাই ঘরবন্দি থাকবে। এ পরিস্থিতিতে ঘরে বসে ঈদ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি ঘরে বসেই ঈদ করব। সবাইকে অনুরোধ করব, তারাও যেন ঘরে বসেই ঈদ উদযাপন করেন।’
ঈদের একটি টিভি অনুষ্ঠানে হাজির হবেন অনন্ত ও বর্ষা। সেখানে উপস্থাপক হিসেবে দেখা যাবে বর্ষাকে আর অনন্তকে পাওয়া যাবে অতিথি হিসেবে।
বিদ্যা সিনহা মিমেরও কোনো পরিকল্পনা নেই ঈদ নিয়ে। বলছিলেন, ‘এবারের ঈদের ছুটি তো আলাদাভাবে করার কোনো সুযোগ নেই। ঢাকার বাসাতেই আছি। এখানেই ঘরোয়াভাবে পরিবারের সঙ্গে সময় কাটাব। যেহেতু বাইরে যাওয়া ঠিক নয়, তাই নিজের জন্য কোনো কেনাকাটাও করিনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন জানালেন ঈদে ঘরবন্দি সময় কাটবে তারও। ‘অনেক দিন ধরেই তো ঘরে থাকছি। ঈদের কোনো পরিকল্পনা নেই এবার। বাসাতেই ঈদের দিনটি কাটাব। লকডাউনের আগে কিছু নাটক করেছিলাম। এরকম ১০টি নাটক ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হতে পারে।’
গত বছর বিয়ে করেছেন সাবিলা নূর। বিয়ের পর এটাই তার প্রথম ঈদ। কিছুটা মন খারাপ করেই সাবিলা জানালেন ঈদ পরিকল্পনার কথা। বলেন, ‘ঈদ ঢাকাতেই করছি। শ্বশুরবাড়িতে ঈদ করব। তেমন কোনো পরিকল্পনা নেই। অবশ্য বিয়ের পরের প্রথম ঈদ হিসেবে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সব প্ল্যান ভেস্তে গেছে। কোনো শপিংও করা হয়নি। প্ল্যান একটাই বাসায় আছি, বাসায় থাকব। আর বাসায় থেকে পরিবারের সঙ্গে যতটা আনন্দঘন সময় কাটানো যায় ততটাই কাটাব।’
সুত্র : দেশ রূপান্তর।



