দুর্নীতিশিরোনাম

গ্রাহকের সই জাল করে ব্যাংক থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ

নতুন এক কৌশলে স্বাক্ষর জাল করে এক গ্রাহকের হিসাব থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাত করেছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তা। টাকা হাতিয়ে নিতে সহায়তা নেন নিজের স্ত্রীর। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে। স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুদকে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মো. শফিউল্লাহ। মামলায় আসামি করা হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার প্রিভিলেজ সেন্টারের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ার ও তাঁর স্ত্রী ফারহানা হাবিবকে।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ট্রাস্ট ব্যাংকের গ্রাহক ফেরদৌসী জামানের সই জাল করে ব্যাংকের নথিতে থাকা গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজের একটি নম্বর ঢুকিয়ে দেন জাহিদ সারোয়ার। ওই নম্বর ব্যবহার করে ফেরদৌসী জামানের সই জাল করে ৪টি চেকবই সংগ্রহ করেন। এর মধ্যে ৩টি চেকবই গ্রাহককে না দিয়ে নিজে রেখে দেন। ওই তিনটি চেকবইয়ের ৬০টি পাতায় হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর এবং ১৬টি পাতায় গ্রাহকের বেয়ারার মো. ইশতিয়াক হোসেন তালুকদারের সই জাল করে ৪ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা তুলে নেন। পরে ওই টাকার মধ্যে ২ কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যাংকের বসুন্ধরা শাখায় তাঁর স্ত্রী ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশনের নামে থাকা ব্যাংক হিসাবে জমা করেন।
এজাহারে দুদক বলেছে, ফারহানা হাবিব তাঁর স্বামী জাহিদ সারোয়ারের অবৈধভাবে উপার্জিত টাকা নিজের মালিকানাধীন আশা ক্রিয়েশনের হিসাবে জমা দেওয়ায় সহযোগিতা ও ওই টাকা তুলে নিয়ে পাচারে সহায়তা করেছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button