গোরস্থানের ৯টি কবর থেকে কঙ্কাল উধাও : এলাকায় আতঙ্ক

মির্জাপুর সংবাদদাতা টাঙ্গাইলের মির্জাপুরে একটি গোরস্থানে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের বানিয়ারা গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে ৯টি কবর থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কদিমধল্যা বাসস্ট্যান্ড থেকে একটু উত্তর পাশে পাশে বানিয়ারা কেন্দ্রীয় কবরস্থান। রোববার দিবাগত রাতে এই গোরস্থান থেকে মৃত মীর তসলিম কবির (৫০), মৃত মতথন মুন্সি (৮৫), মৃত ওয়াহেদুল কবির (৫৬), মৃত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন (৬০), মৃত সাকিব মিয়া (৫৫), মৃত সাইদা বেগম(৪৫)সহ ৯টি কবর থেকে সমস্ত কঙ্কাল চুরি হয়।
সোমবার বানিয়ারা গ্রামের কৃষক সাহেদ আলী মিয়া (৪৫) গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে একটি কবর খোঁড়া দেখতে পান।তিনি কিছুদূর এগিয়ে গিয়ে আরও তিন-চারটি কবর খোঁড়া দেখে ভয়ে বাড়ি গিয়ে আশপাশের লোকজনদের ঘটনাটি বলেন।এই ঘটনা দেখার জন্য আশপাশ থেকে শতশত লোকজন ঐ কবরস্থানে এসে ভিড় করছেন।
সাবেক ইউপি মেম্বার মো: তমছের আলী কঙ্কাল চুরির ঘটনা মির্জাপুর থানা পুলিশকে জানান।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন।
জামুর্কি ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার রোকজনদের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
বানিয়রা গ্রামের বাসিন্দা ও সমাজ সেবী খন্দাকার হুমায়ুন কবীর (৫৬), আগধল্যা গ্রামের সাবেক ইউপি মেম্বার মো: তমছের আলী (৫৭) ও কড়াইল গ্রামের বর্তমান ইউপি সদস্য মো: আবু তাহের তালুকদার(৫০)সহ অনেকেই অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চোরের দল গোরস্থানে রাতের আঁধারে কবর খুঁড়ে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটিয়েছে।তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে ইতিপূর্বেও মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি কেন্দ্রীয় কোরস্থানসহ বেশ কয়েকটি গ্রামের গোরস্থান থেকে একইভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।পুলিশ এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
মির্জাপুর থানার পুলিশ কর্মকর্তা (এসআই) নুর মোহাম্মদ বলেন, বানিয়ারা গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে কঙ্কাল চুরির ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন, গোরস্থানে কঙ্কাল চুরির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




