বিগত এক দশকে ক্ষমতাসীন সরকারের নিপীড়নে গোটা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ আসর এক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, এহছানুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিরুজ্জামান খান শিমুল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদে খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কায়মনো বাক্যে অন্তর থেকে দোয়া করি মহান আল্লাহ তায়ালা সাদেক হোসেন খোকাকে সুস্থ করে দিন। আজকে সারা দেশের সব মানুষই অসুস্থ হয়ে পড়েছে। দশ বছর ধরে নিপীড়ন চালাচ্ছে সরকার। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ২০ কারাগারে বন্দি করে রেখেছে। এখন তিনি পিজি হাসপাতালে আছেন। সাদেক হোসেন খোকার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে। তার পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে। বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মিথ্যা মামলা নেই। পরিবারের সদস্যদের নামেও মিথ্যা মামলা হয়েছে। এই অত্যাচার নিপীড়নে মানুষ কিন্তু কখনো মাথা নোয়ায়নি। মানুষ দাঁড়িয়ে আছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে।
তিনি বলেন, খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ অক্টোবর তার সাথে আমার কথা হয়েছে। যখন কথা বলি- তিনি কথা বলতে পারছিলেন না। শুধু আমাকে বললেন, সবাইকে বলবেন আমার জন্য দোয়া করবেন। আমি সেইদিন ৩০ তারিখে এখানে মিটিং ছিলো সেখানে বলেছি যে, খোকা ভাইয়ের আশু আরোগ্যলাভের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে এই সরকারের আযাব ও নিপীড়ন থেকে মুক্ত করে দিন আজকে এই দোয়া করি। একইসাথে বেগম জিয়ার মুক্তি ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করছি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাদেক হোসেন খোকা দূরারোগ্য ব্যাধির সাথে লড়াই করছেন। তিনি নির্যাতিত জননেতা। আমরা তার জন্য দোয়া করবো। সৃষ্টিকর্তাই সবকিছুর মালিক। বেগম খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া করবেন। নেত্রী যেখানে জেলখানায় সেখানে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বীরের বেশে রাজপথ দখল করে আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে।
মির্জা আব্বাস বলেন, সাদেক হোসেন খোকাসহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। আমার বন্ধু খোকা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সঙ্গে কথাবার্তা বলেছি। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানি। আসুন আমরা সবাই নফল নামাজ পড়ে তার জন্য বিশেষভাবে দোয়া করি। হয়তো আল্লাহ তাকে সুস্থ করে তুলতে পারেন। কারণ সবকিছুই আল্লাহর হাতে। একজন রাজনীতিবিদ হিসেবে তার জন্য এটা যথেষ্ট নয়। রাজনীতিবিদদের চাওয়া তার পরিচিত লোকজনের সান্নিধ্যে থাকা। কিন্তু খোকা অনেক দূরে অবস্থান করছেন। আমরা যেতে পারছি না।
হাবিব উন নবী খান সোহেল বলেন, সাদেক হোসেন খোকা ভাইয়ের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত হয়ে পড়েছি। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান। যিনি বীর মুক্তিযোদ্ধা। আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার মতো রাজনীতিবিদ আমাদের ভীষণ প্রয়োজন।
ইত্তেফাক




