খেলা

গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার বিকেলে মাঠে নামবে বাংলাদেশ দল। ইতিমধ্যে সিরিজের দুটি ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের স্বাদ পায়নি মাশরাফিবাহিনী। তাই সিরিজে টিকে থাকার ‘মহাগুরুত্বপূর্ণ’ এই ম্যাচে জয়ের লক্ষ্যে ডাবলিনের মালাহাইড ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় আইরিশদের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মালাহাইডে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩১.১ ওভারে চার উইকেটে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় তামিম-সাকিব-মাহমুদউল্লাহরা। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। দু’দলই দুই পয়েন্ট করে পায়। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হারের সবাদ পায় মাশরাফিবাহিনী।
সিরিজের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও আয়ারল্যান্ড দু’দলের পয়েন্ট সমান দুই। বাংলাদেশ যদি আজ আয়ারল্যান্ড ও আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জেতে সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে ১০। অবশ্য তাতেও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা নেই। তবে মাশরাফি বিন মুর্তজার হাতে ট্রফি তখনই উঠবে, যদি বাংলাদেশ নিজেদের বাকি দুটি ম্যাচে জয় পায় এবং নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচই হারে।
আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামবে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে অবশ্য বাংলাদেশ বেশ এগিয়ে। এর আগে দুই দলের আট সাক্ষাতে বাংলাদেশ জিতেছে পাঁচবার, আয়ারল্যান্ড দুবার। পরিত্যক্ত হয়েছে গত বুধবার ডাবলিনের মালাহাইডে দুই দলের সর্বশেষ ম্যাচটি।
এই ম্যাচের পর বাংলাদেশের পরবর্তী লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। পয়েন্টের দিকে এগিয়ে থাকা দলটির ঘরে উঠবে ত্রিদেশীয় সিরিজের শিরোপা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নেইল ও’ব্রায়াান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button