
সংবাদদতা, গাজীপুর : গাজীপুরের সদর উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হাজার পেরিয়েছে। ব্যাপকভাবে সংক্রমণ হওয়ায় এ উপজেলার আরো ১৩২ জনসহ নতুন ১৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার রোববরের ফলাফলে তাদের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত আরো দুইজন ওই সময়ে মারা যান। এ নিয়ে জেলায় এপর্যন্ত মোট ১ হাজার ৭০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৫ জন মারা গেছেন।
গাজীপুর সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান জানান, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে এ পর্যন্ত সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩০ জন। অন্য চারটি উপজেলার আক্রান্তদের মধ্যে কালিয়াকৈরে ১৮৭ জন, কালীগঞ্জে ১৫৫ জন, শ্রীপুরে ১১৮ জন ও কাপাসিয়া উপজেলার ১১৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৩২০ জন সুস্থ্য হয়েছেন।




