রাজনীতিশিরোনাম

গণমাধ্যমকে এতোদিন নিশ্চুপ করে রাখা হয়েছিল: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অনেক দেরিতে হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। এতোদিন গণমাধ্যম নিশ্চুপ ছিল না, তাদের নিশ্চুপ করে রাখা হয়েছিল। তারা চাইলেও লেখতে পারেনি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লা প্রমূখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফুটপাতের কুলি থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন অনেকে। রাষ্ট্রের আরও কতো টাকা না জানি এভাবে লুটপাট করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন বলছেন, শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে যেন সবাই সহযোগিতা করেন। আমাদের সহযোগিতা থাকবে যদি ৮০০ এর অধিক দুর্নীতিবাজদের পাকড়াও করেন। তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। আর যদি মাত্র তিন জনকে গ্রেপ্তারের মাধ্যমে হাজার জনকে ঢাকবার চেষ্টা হয় তাহলে বুঝবো এটা একটা নাটক।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তথ্যমন্ত্রী বলছেন ইতিবাচক কথা বলতে, সহযোগিতা করতে, আমি বলব দুর্নীতি, দুঃশাসন, মাদক, ছিনতাই, টেন্ডারবাজির মাধ্যমে আওয়ামী লীগে পচন ধরেছে। এ পচন ঠেকাতে হলে শুধু তিন অ্যান্টিবায়োটিককে গ্রেফতার করলে হবে না, সব অপরাধীকে গ্রেফতার করে দেখান। তাহলে বুঝবো বহু খারাপ কাজের মধ্যে কয়েকটা ভালো কাজ আপনারা করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button