খেলা

খুলে যেতে পারে শাহরিয়ার নাফীসের ভাগ্য

কদিন পরই নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুশফিক-মাশরাফিরা। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে দলও। ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের এক সময়কার এক নম্বর ওপেনার শাহরিয়ার নাফীসের। কিন্তু বিপিএলে নিজের নতুন রূপ দেখিয়ে নজর কেড়েছেন তিনি। বিপিএলের পারফর্মের কারণেই খুলে যেতে পারে তার ভাগ্য।
বিপিএলের শুরুর দিকে বিসিবির নির্বাচক কমিটি নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে। তখন মনে হয়েছিলো বিপিএলের পারফর্ম দলে কোনো ভূমিকা রাখবে না। ওই সময় দল ঘোষণা নিয়ে সমালোচনাও হয়েছিলো বেশ।
তবে নির্বাচকরা তাদের অবস্থান থেকে সরে এসেছেন বলেই জানা গেছে। ডিসেম্বরের চার তারিখের আগেই দলে কিছু পরিবর্তন আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শোনা যাচ্ছে, সম্ভাব্য পরিবর্তনগুলোর মধ্যে শাহরিয়ার নাফীসের অন্তর্ভুক্তি অন্যতম। এ ছাড়া নাসির হোসেন ও মেহেদি মারুফেরও দলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে।
শাহরিয়ার নাফীস জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে। এরপর একাধিকবার প্রাথমিক দলে থাকলেও মূল দলে আর ঢুকতে পারেননি তিনি। তবে নিজের ব্যর্থতার বৃত্তেও বন্দি থাকেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। বরং নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করেছেন তিনি।
নাফীসের নিজেকে বদলে ফেলার চেষ্টাটা চোখে পড়েছে বিপিএলে। এক সময় যে ধরনের শট তার ব্যাটে দেখা যেতো না, বিপিএলে সেসব অবলিলায় খেলেছেন তিনি। যার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে, এখনো ব্যাট হাতে দেশকে কিছু দেয়ার ক্ষমতা রাখেন নাফীস।
বিপিএলের একাদশ রাউন্ড শেষে নাফীসের মোট রান ২৭৮. হাফ সেঞ্চুরি আছে তিনটি। প্রতিটি ইনিংসেই দেখা গেছে দারুণ আত্মবিশ্বাসী নাফীসকে। যা হয়তো নির্বাচকদের অনুপ্রাণিত করেছে তাকে দলে নিতে।
নাফীস জাতীয় দলের হয়ে মোট ২৪টি টেস্ট ও ৭৫টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি আছে তার। ক্যারিয়ার এলোমেলো করে না ফেললে নাফীস হতে পারতেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান।
এখনো যে সম্ভাবনাটা নেই, তা বলা যাচ্ছে না। মাত্রই ত্রিশের কোটা পার করা নাফীসের সামনে এখনো সুযোগ আছে কয়েক বছর খেলে যাওয়ার। ব্যাট হাতে বিপিএলের ফর্মটা ধরে রাখতে পারলে জাতীয় দলেও আবার নিজের জায়গাটা পাকা করে ফেলার সুযোগ পেতে পারেন তিনি। তার আগে অবশ্য নিউজিল্যান্ড সফরের দলে থাকতে হবে তার। ক্রিকেটপাড়ার গুঞ্জন বলছে, দুই এক দিনের মধ্যেই একটা সুখবর পেতে পারেন নাফীস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button