খুলনাকে উড়িয়ে সিলেটের প্রথম জয়

এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন আন্দ্রে ফ্লেচার। আরেক ক্যারিবিয়ান জনসন চার্লসও খেললেন বিস্ফোরক ইনিংস। তাতে সিলেট থান্ডার গড়ল ২৩২ রানের বিশাল পুঁজি। যা তাড়া করতে নেমে রাইলি রুশোর ব্যাটে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হার মানতে হলো খুলনা টাইগার্সকে।
শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনাকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের সিলেট। আসরে খুলনার এটি প্রথম হার। আর সিলেটের প্রথম জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় খুলনা। কিন্তু তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে রানের পাহাড় গড়ে সিলেট। ৫ উইকেটে ২৩২ রানের পুঁজি গড়ে দলটি। এখন পর্যন্ত যা এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের করা ৪ উইকেটে ২৩৮ রান সর্বোচ্চ।
সিলেটের পক্ষে ফ্লেচার এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ১০৩ রানে। ৫৭ বলে নিজের ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়। চার্লস সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামেন। তবে তিনি ছিলেন আরো বিধ্বংসী। ৩৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯০ রান করেন তিনি।
দলীয় ১১ রানে সিলেট প্রথম উইকেট হারানোর পর ফ্লেচার ও চার্লস মিলে গড়েন ১৫০ রানের জুটি। সেটিও মাত্র ৭০ বলে। খুলনার পক্ষে রবি ফ্রাইলিঙ্ক সর্বাধিক ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই রহমতউল্লাহ গুরজারের (০) উইকেট হারায় খুলনা। এরপর সাইফ হাসান ও রাইলি রুশো আশাজাগানিয়া ব্যাটিং করলেন। সাইফ একপ্রান্তে সহায়তা করে গেলেন, আর রুশো ঝোড়ো ব্যাটিংয়ের চেষ্টা করলেন।
কিন্তু এই জুটির পতন হতেই ছন্দ হারায় খুলনা। ২০ বলে ২ চারে ২০ রান করে রান আউট হয়ে ফেরেন সাইফ। অন্যদিকে রুশো বিদায় নেন নাভিন-উল-হকের শিকার হয়ে। ১০তম ওভারে সিলেটের তৃতীয় শিকার হওয়ার আগে ৩২ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫২ রান করেন তিনি।
এরপর ছয়ে নেমে ফ্রাইলিঙ্ক ঝড় তুললেও অন্যপ্রান্তে সহায়তা ছিল না। ফলে খুলনাও পারেনি এত বড় রান তাড়া করতে। যদিও চট্টগ্রামেই রাজশাহীর বিপক্ষে ১৯০ তাড়া করে জিতেছিল খুলনা। ফ্রাইলিঙ্ক ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন।
সিলেটের পক্ষে ক্রিশমার সান্টোকি সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন মনির হোসেন ও ইবাদত হোসেন। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার।
পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পাওয়া সিলেটের পয়েন্ট মাত্র ২। অন্যদিকে খুলনার এটি প্রথম হার। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট তাদের।




