খালেদা জিয়া নিজেই নিজেকে নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি জাসদ ও যুব জোট নেতা মরহুম আমির হোসেন বাচ্চুর সংগ্রামী ও ত্যাগী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, যে যেই দলই করুন না কেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সফল রাজনৈতিক কর্মীকে মুক্তিযুদ্ধসহ জনগণের সব ঐতিহাসিক গণআন্দোলনে মীমাংসিত বিষয় মেনে নিতে হবে। খালেদা জিয়া নিজেই নিজেকে গণতন্ত্র, সংলাপ, নির্বাচনের অযোগ্য করে ফেলেছে।
আজ শুক্রবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোট আয়োজিত জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন বাচ্চুর শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও রোগী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু, জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, সদস্য আজিজুর রহমান, এ বি এম জাকিরুল হক টিটন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহসভাপতি মীর্জা মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল কবির বিপুল, অ্যাডভোকেট মোঃ সেলিম, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, কাজী সালমা সুলতানা প্রমূখ।
ইনু আরো বলেন, বেগম জিয়া বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে না মেনে, ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর প্রতি যে অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে চলেছে, একাত্তরে পাক বাহিনী ও তাদের দালাল দ্বারা সংগঠিত ৩০ লাখ বাঙালিকে গণহত্যাকে আড়াল করে চলেছে, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সাথে সঙ্গিত্ব রক্ষা করে চলছে; তাতে খালেদা জিয়া নিজেই নিজেকে গণতন্ত্র, সংলাপ, নির্বাচনের অযোগ্য করে ফেলেছে।
তিনি বলেন, পাকিস্তানিদের পরাজিত করে, সামরিক শাসনকে পরাজিত করে জাতি যে বিষয়গুলো মীমাংসিত করেছে তা অমীমাংসিত করা যাবে না। যারা পাকিস্তান ও সামরিক শাসনের জঞ্জাল বুকে আগলে ধরে রক্ষা করতে চাইছে তারা বাংলাদেশ ও গণতন্ত্রের ঘোর শত্রু। এরা বাংলাদেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করেই চলেছে। সুযোগ পেলেই বাংলাদেশ ও গণতন্ত্রর উপর ছোবল হানছে।
তিনি বলেন, জাসদের নেতা-কর্মীরা বাংলাদেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তকারীদের সাথে কখনই আপস করেনি, কখনই আপস করবে না।




