খালেদা জিয়া দেশে সংঘাত-অশান্তির ষড়যন্ত্র করছে : ইনু

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে দেশে সংঘাত-অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। তার এজেন্ডা নির্বাচন নয়। আসল উদ্দেশ্য অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনা।’
তিনি আজ জাসদের মরহুম সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাসদের যুগ্মসমন্বয়ক নুরুল আখতার। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সহসভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।
ইনু বলেন, সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান করাই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রধান কর্তব্য। গণতন্ত্র-নির্বাচনে যুদ্ধাপরাধীরা যেমন হালাল না, তেমনই আগুন সন্ত্রাসীরাও হালাল না।
তিনি বলেন, মরহুম নেতা জাফর সাজ্জাদ খিচ্চু রাজনীতিতে সততা ও সাহসের যে পরিচয় দিয়েছেন, তা অনুকরণীয়। তিনি আমৃত্যু শ্রমিক-গরীব-মেহনতি মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন।




