রাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির মানববন্ধনে জনতার ঢল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিএনপি। একই সময়ে সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে মানববন্ধন করা হয় বলে দলের নেতারা জানান।
আজ (সোমবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই বিএনপি নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। মানববন্ধনের কর্মসূচি হলেও ব্যাপক লোক সমাগমে এটি জনসমাবেশে পরিণত হয়। এ কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, জিয়ার সৈ‌নিক এক হও লড়াই ক‌রো’, ‘খা‌লেদা জিয়ার কিছু হ‌লে জ্বল‌বে আগুন ঘ‌রে ঘ‌রে’ প্রভৃতি শ্লোগান দেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর দলের নয়াপল্টনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার দাবি এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজকের মানববন্ধন ছাড়া আগামী বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বা মহানগর নাট্যমঞ্চে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রতীক অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button