কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে মার্কিন নানামুখী সামরিক তৎপরতার পর পিয়ংইয়ং এক বিবৃতিতে এ অভিযোগ তুলল।
বিবৃতিতে পিয়ংইয়ং আরো বলেছে, ‘বিপজ্জনক সামরিক উস্কানির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।’ উত্তর কোরিয়ার সরকারি মালিকানাধীন পত্রিকা রোডং সিনমুনে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। পত্রিকাটিতে সাধারণত সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।
‘বারুদের কাছে আগুন নিয়ে খেলবেন না’ শিরোনামের এ কলামে কোরীয় উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে বড় ‘বারুদের বক্স’ বলে অভিহিত করা হয়েছে। এ কলাম প্রকাশের একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে এবং তাতে পরমাণু বোমাবাহী বিমান অংশ নেয়। উত্তর কোরিয়া যৌথ এ মহড়াকে বিপজ্জনক সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং। এএফপি।




