কোরিয়াতে বাংলাদেশিদের ‘মিলন মেলা’

বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে) কর্তৃক প্রতি বছরের মত এবারও আয়োজিত হতে যাচ্ছে ‘গ্রীষ্মকালীন মিলন মেলা ২০১৮’। বিএসএকে মূলত দক্ষিণ কোরিয়ায় পড়তে আসা সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত সম্পূর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবা মূলক একটি সংগঠন।
এই সংগঠনটি ঠিক কবে গঠিত হয়েছে সেটা সুস্পষ্টভাবে বলা না গেলেও, তাদের ওয়েব পেজের মাধ্যমে জানা যায়, ২০১১ সালের ২৩ থেকে ২৪ জুলাই নানজিদো আইল্যান্ডে সংগঠনটি প্রথম তাদের মিলন মেলা আয়োজন করেছেন। সেই থেকে এই সংগঠনটি বছরে দুইবার (গ্রীষ্মকালীন ও শীতকালীন) এই মিলন মেলার আয়োজন করে থাকে।
তারই ধারাবাহিকতায় এবারও আগামী ২৮ থেকে ২৯ জুলাই এই সংগঠনটি কোরিয়ার অন্যতম ভ্রমন কেন্দ্র খাংওয়ান্দ প্রদেশের সকচো শহরে এই মেলার আয়োজন করতে যাচ্ছে। আয়োজনে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত দূতাবাসের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাগন অংশ গ্রহণ করবেন।
এবারের অয়োজনে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা জানান, এবারের মিলন মেলায় সংগঠনটির বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে থাকছে, সংগঠনটির সাংস্কৃতিক দল বিএসএকে ঢাকঢোল কর্তৃক নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘কুসুম কুসুম প্রেম’।
উল্লেখ্য, চলচ্চিত্রের সকল কলাকুশলী দক্ষিণ কোরিয়ায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ। ইতিমধ্যে এই চলচ্চিত্রের একটি প্রমোশনাল ভিডিও সংগঠনটির ওয়েব পেজে অবমুক্ত হয়েছে। চলচ্চিত্রটি বেশ উপভোগ্য হবে বলে সকলের ধারণা। এছাড়াও এবার দক্ষিণ কোরিয়া হতে ডিগ্রি প্রাপ্ত সকল বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সম্মাননা সূচক স্মারক প্রদান করা হবে।
এসবের পাশাপাশি থাকছে নতুন ছাত্র-ছাত্রীদের বরণ ও উপহার প্রদান, বিভিন্ন দেশীয় খেলাধূলার আয়োজন, বারবি কিউ, নৈশভোজ ও আরো বিভিন্ন ইভেন্ট। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক অংশ গ্রহণকারী ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। বাংলাদেশীদের পাশাপাশি অনেক বিদেশী ও স্থানীয় কোরিয়ান নাগরিক এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।




