
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম পশুর সুস্থতা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের দুঃশ্চিন্তা লাঘবে কাজ করছে। কোরবানি উপলক্ষ্যে প্রায় একমাস যাবত প্রতি হাটবারে (শনিবার ও মঙ্গলবার) ভেটেরিনারি মেডিকেল টিম পশুর হাটে অবস্থান করছে।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে কোরবানি দাতারা যাতে সুস্থ সবল পশু কিনতে পারেন এবং পশু কিনে তাদেরকে যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় সে লক্ষ্যে মেডিকেল টিমটি কাজ করছে।
কয়েকজন পশু ক্রেতা জানান, কোরবানি দেয়ার জন্য গাভী কিনেছি। গাভী কোরবানি দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধি বিধান রয়েছে। গাভী গর্ভবতী কি-না তা নিশ্চিত হওয়া জরুরি। প্রাণিসম্পদ হাসপাতালের মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করে গাভী গর্ভবতী কি-না তা জানিয়ে দিচ্ছে। এতে আমাদের আর চিন্তা থাকছে না।
কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, কোরবানির পশুর হাটে তোলা পশু সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা, হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা দেওয়ার জন্য পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশু হাটে কোনো পশু আসছে কি-না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তা নজরদারি করা হচ্ছে।




