
গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত রাস্তা পরিষ্কারের অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার প্রার্থীরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।
এর আগে গত ১৮ মার্চ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার ও সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে তারা। তাদের দাবগুলো হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটার শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ফারুক হোসেন বলেন, কোটা সংস্কারের দাবি দেশের ১৫ কোটি মানুষের দাবি। দেশের উন্নয়নে মেধাবীদের নেতৃত্ব দরকার। সেক্ষেত্রে কোটা সংস্কারের দাবি যুক্তিসঙ্গত।




