আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কাশ্মীর খুব সুন্দর, এখন সেখানে কেবল বোমার আওয়াজ শোনা যায় : ট্রাম্প

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কের অবনতি হয়। সন্ত্রাস দমনে পাকিস্তান ব্যর্থ এবং জঙ্গিদের ইন্ধন দেওয়ার অভিযোগে পাকিস্তানের অনুদানও কাটছাঁট করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সত্যি কথা বলছে না পাকিস্তান। তাই পাকিস্তানের মাটিতে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নানা সময়ে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র।
এমন পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওয়াশিংটন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সফররত ইমরান খান স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান। এ সময় ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান পরিস্থিতি এবং পাকিস্তান-ভারত উত্তেজনাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জানান, দক্ষিণ এশিয়ায় পুলিশের ভূমিকা পালন করতে চায় না ওয়াশিংটন।
এ সময় রাজনৈতিক উপায়ে আফগান সংকটের সমাধান করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তালেবানের সঙ্গে অচিরেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে দাবি করে ইমরান খান বলেন, ‘আমরা তালেবানকে আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসাতে পারব বলে আশাবাদী।’
ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তান-ভারত উত্তেজনা প্রসঙ্গে ইমরান খান জানান, পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য যেকোনো সময় ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান-ভারত সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে ওয়াশিংটনের সম্মতির কথা জানান। পাশাপাশি ভারত-পাকিস্তান দুদেশের সবচেয়ে বড় সমস্যা কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খোলেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কাশ্মীর সম্পর্কে অনেক শুনেছি। খুব সুন্দর একটি জায়গা। কিন্তু এখন সেখানে কেবল বোমা ও গোলাগুলির আওয়াজই শোনা যায়। ওখানকার পরিস্থিতি অত্যন্ত বাজে।’
এ সময় মার্কিন প্রেসিডেন্ট কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতাকারী হতে প্রস্তুত বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button