
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতরা পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে স্থানীয় পুলিশের দাবি।
গতকাল ২২ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রাল নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। এর পরপরই ওই এলাকায় জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ করে স্থানীয় প্রশাসন। এখনো তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন রাজ্যটির পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং।
দিলবাগ সিং বলেন, ‘মঙ্গলবার পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়। এ ঘটনায় সংগঠনটির তিন সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে।’
এই সন্ত্রাসীরা গত মাসে কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের এক পরিবারের দুই সহোদরকে গুলি করে হত্যা করেছিল বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।




