
লালমনিরহাট জেলার কালীগঞ্জ সমোন্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন। লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেনেন্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, শুক্রবার ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিতে নিহত হয়েছেন মহুবার রহমান (৩৮). তিনি কালীগঞ্জ উপজেলার মালগাড়া বগুড়াপাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে। গুলিবিদ্ধ বাকি দুজন রংপুরে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘বাংলাদেশী প্রায় ২৫ জনের একটি দল গরু আনতে বুড়িরহাট সীমান্তের ৯১৫ সাব ৮ এস পিলারের কাছে যায়। এ সময় সাতভানণ্ডারিয়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি চালান। একটি গুলি মহুবারের ডান কালে লাগলে সেখানেই তার মৃত্যু হয়। এছাড়াও দুইজন গুলিবিদ্ধ হন।’
ওই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, ‘মহুবারের মৃত্যুর পর যারা তার সঙ্গে গরু আনতে গিয়েছিলেন, তারাই টেনেটুনে লাশটা বাড়িতে দিয়ে আসে।’ বাংলাদেশী মৃত্যুর পর বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।




