
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, সরকারের বিরুদ্ধে অনলাইনে সংঘবদ্ধভাবে মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল করেছে কাচালং সরকারি কলেজ ছাত্রদল।
রবিবার (১৪ জুন) কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেকের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অসম্মান করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।
তারা আরও বলেন, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ, নারী নির্যাতনসহ নানা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠনটিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।
বিক্ষোভ মিছিলে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




