slider

কর্মসংস্থান না থাকলে যানজট নিরসন হবে কিভাবে : মেয়র প্রার্থী মোস্তফা

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে বিকল্প কোন কর্মসংস্থানের সুযোগ না থাকায় মানুষ একটা রিক্সা বা ভ্যান চালিয়ে সংসার চালায়। তাই যানজটকে হঠাৎ করে রোধ করার কোন সুযোগ নেই। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হলেই যানজট নিরসন হবে।
গতকাল রোববার দুপুরে নগরী কেন্দ্রীয় বাস টার্মিনাল, প্রাইম হাসপাতাল ও সুলতানের মোড়ে গণসংযোগকালে যানজট নিরসনে তার নেয়া উদ্যোগ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বলেন, ‘যানজট একটা জাতীয় সমস্যা। এটা নিরসনে হুট করে আকাংক্ষার লেভেল ছোঁয়া যাবেনা। যানজট নিরসন করতে হলে আপনাকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি যতই বলি না কেন, পেটে খিদা থাকলে বা বা”ঁচা কানের কাছে কান্নাকাটি করলে জীবন বাঁচার তাকিদে কেউ একটা রিক্সা বা অটোর হ্যান্ডেল ধরে। আমাদের এখানে গ্যাস সংযোজন হচ্ছে তখন কল কারখানা ইন্ডাস্ট্রি হবে। তখন বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে যানজট অটোমেটিক্যালি কমে যাবে।
তিনি বলেন, একটা রিং রোডের মধ্য দিয়ে রংপুর শহরের যোগাযোগ ব্যবস্থা। একটি রিং রোডের মধ্য দিয়ে বিভাগীয় শহরের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে যানজট নিরসন করা খুবই কঠিন কাজ। এরপরেও বিভিন্ন বাইপাস সড়ক নির্মাণ করে যানজট নিরসনে পরিকল্পনা রয়েছে।
লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণ ও শ্যামা সুন্দরী খালের উপর দিয়ে ও ভারপাস বা ফ্লাইওভার নির্মাণ করা হলে রংপুর শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এডভোকেট সৈয়দ ফারুক আলম, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলামসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button