করোনা নিয়ে ভুল তথ্যের কারণে ৮০০ মানুষের মৃত্যু!

চলতি বছরের প্রথম তিন মাসে করোনা নিয়ে ভুল তথ্যের কারণে অন্তত ৮০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। এছাড়া অন্তত ৫ হাজার ৮০০ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাসটি নিয়ে ভুল তথ্যের কারণে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন এন্ড হাইজেনের এক গবেষণায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়, অনেকেই আবার মিথানল অথবা অ্যালকোহল জাতীয় পরিষ্কারক দ্রব্য পান করে মৃত্যু ডেকে এনেছেন। তারা ভুলবসত বিশ্বাস করেছিল এসব এই ভাইরাস থেকে মুক্তি দেবে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, ‘ইনফোডেমিক’ এর মতো ব্যাপারগুলো কোভিড-১৯ এর পাশাপাশি খুব দ্রুত ভাইরাসের মতোই ছড়িয়ে পড়ে। এতে করে ষড়যন্ত্রমূলক তত্ত্ব, গুজব এবং সাংস্কৃতিক জটিলতার ফলে মৃত্যু ও আহত হওয়ার জন্য ভূমিকা রাখে।
গবেষকরা বলেছেন, অনেক আক্রান্ত ব্যক্তি নানা জনের পরামর্শ অনুসরণ করেছিলেন। যেমন অনেকে সংক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে বিপুল পরিমাণে রসুন খাওয়া বা প্রচুর পরিমাণে ভিটামিন খেয়েছেন। অন্যরা গরুর প্রস্রাবের মতো পদার্থ পান করেছিলেন।
তারা বলছেন, এই ক্রিয়াগুলো তাদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলেছিল। সুত্র : বিবিসি




