আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা : চীনে ১৮ জন শনাক্ত হতেই ৪ লাখ মানুষ লকডাউনে

করোনার দ্বিতীয় ধাক্কা এড়াতে বেইজিংয়ের কাছের একটি শহরের অন্তত ৪ লাখ মানুষকে লকডাউনের অধীনে আনা হয়েছে।
বিবিসি জানায়, দুই সপ্তাহ আগে বেইজিংয়ে নতুন করে সংক্রমণ শুরু হয়। চীনের রাজধানী শহরটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ১৪ জন।
এরমধ্যে বেইজিং থেকে ১৫০ কিলোমিটার দূরে আনজিন শহরে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই ৪ লাখ বাসিন্দার শহরটিতে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।
রবিবার দেশটির কর্মকর্তারা ঘোষণা দেন, হুবেই প্রদেশের আনজিন শহর লকডাউন করা হয়েছে। শহরটি ‘পুরোপুরি বন্ধ ও নিয়ন্ত্রিত’ থাকবে।
শুধু জরুরি কাজের সঙ্গে যুক্ত লোকেরা তাদের বাড়ি থেকে বেরোতে পারবে। বাইরের কেউ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না।
এছাড়া দিনে একবার পরিবার প্রতি একজন প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে পারবে। এসব আইন কেউ অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করছেন, লকডাউনের ফলে তারা এই নতুন সংক্রমণ রোধ করতে পারবেন।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষের দিকে দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এই মহামারীতে পুরো বিশ্বে এখন পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ লাখেরও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button